প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি রাজধানীতে দেশের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে তিনটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ১৪.৩ বিঘা জমির ওপর প্রায় ১৮ লাখ বর্গফুট আয়তনের একটি আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব (গ্রিন) অফিস কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রথম ধাপে ৭ বিঘা জমির ওপর প্রায় ৯ লাখ বর্গফুট আয়তনের ১৩ তলা একটি আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এই মেগা প্রকল্প বাস্তবায়নে আর্কিটেকচার, কনস্ট্রাকশন ও ইঞ্জিনিয়ারিং পরামর্শক হিসেবে কাজ করবে ভিসতারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেড, অ্যাবোড অব কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড এবং বিএন ইঞ্জিনিয়ারিং।
সম্প্রতি রাজধানীতে ওয়ালটনের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. জিয়াউল আলমের সঙ্গে অ্যাবোড অব কনসালট্যান্টসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. এম শামিম জেড বসুনিয়া, ভিসতারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আর্কিটেক্ট মুস্তফা খালিদ পলাশ এবং বিএন ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ আব্দুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী ও এস এম রেজাউল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এম.এস