পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মিরে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে চার পুলিশ নিহত এবং আরো ২০ জন আহত হয়েছেন।

রোববার (৭ জুন) রাওলাকোটে সদ্য নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) সমর্থকদের সাথে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

রাতে আজাদ জম্মু ও কাশ্মিরের পুলিশ প্রধান লিয়াকত আলী মালিকের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার বিক্ষোভকারীরা কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল (সিএমএইচ) রাওয়ালকোটে ‘হামলা’ চালালে চারজন পুলিশ সদস্য নিহত হন।

বিবৃতিতে আরো বলা হয়, নিহতদের আগ্নেয়াস্ত্র ও শটগান দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটিকে সরাসরি ‘সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে নাগরিকদের নিরাপত্তা ও জনশান্তির বিষয়ে কোনো আপস না করার ঘোষণা দেয়া হয়।

অন্যদিকে কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভকারীদের মধ্যে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন যে নিহতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। অঞ্চলজুড়ে মোবাইল ডেটা পরিষেবা বন্ধ করে দেয়ায় আজাদ জম্মু ও কাশ্মির থেকে তথ্য সরবরাহ সীমিত হয়ে পড়েছে।

এর আগে, শুক্রবার রাতে আইন প্রয়োগকারী সংস্থার সাথে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাওয়ালকোটে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে নিহতের পরিবার জানিয়েছিল যে, শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে। কিন্তু পরে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি সিএমএইচে ফিরিয়ে নিয়ে আসেন। এছাড়া জানাজা রোববার পর্যন্ত স্থগিত করেন।

লাশটি হাসপাতালের মর্গে স্থানান্তর করা হলেও ময়নাতদন্ত করা হয়নি। এরই মধ্যে, বহু মানুষ জড়ো হয়ে সিএমএইচের বাইরে অবস্থান ধর্মঘট শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছত্রভঙ্গ করতে পুলিশের একটি দল পৌঁছালে বিক্ষোভকারীদের একটি দল তাদের মুখোমুখি হয়। এরপর পুলিশ দলটিকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। জবাবে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারেন, কিন্তু কেউ আহত হননি।

এদিকে নিহতের পরিবার ঘোষণা করেছে যে, জেএএসিকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র দফতরের জারি করা বিজ্ঞপ্তিটি প্রত্যাহার না করা পর্যন্ত তারা লাশ দাফন করবেন না।

সূত্র: ডন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews