আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের পর এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যবসায়িক মঞ্চে নতুন অধ্যায় শুরু করছেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড় এবং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে  ফ্র্যাঞ্চাইজি মালিকানায় নাম লিখিয়েছেন দুই ভারতীয় কিংবদন্তি।

ভারতের বেশ কিছু গণমাধ্যমে প্রকাশতি প্রতিবেদনে বলা হয়েছে, এক ভারতীয় কনসোর্টিয়াম স্কটল্যান্ডের গ্লাসগোর একটি দলের মালিকানা কিনতে সম্মত হয়েছে। সেই গ্রুপের সঙ্গেই যুক্ত রয়েছেন দ্রাবিড় ও অশ্বিন। চলতি বছরের আগস্টে ইউরোপের নতুন এই টি-টোয়েন্টি লিগ শুরু হওয়ার কথা রয়েছে। একই কনসোর্টিয়াম নেদারল্যান্ডসের আরও একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানাও নিচ্ছে। ফলে লিগের শুরু থেকে ভারতীয় ক্রিকেট মহলের উপস্থিতি নজর কাড়বে।

দক্ষিণ আফ্রিকার বিনিয়োগকারীদের একটি আলাদা গোষ্ঠীও এই লিগে ফ্র্যাঞ্চাইজি কিনছে বলে খবর প্রকাশিত হয়েছে।সেই তালিকায় রয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি, হেনরিখ ক্লাসেন ও কিংবদন্তি জন্টি রোডস। মাসের শেষের দিকে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ঘোষণা হওয়ার কথা।

গ্লাসগোর দলের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্ক নিছক বিনিয়োগের নয়। এর সঙ্গে জড়িয়ে তার ক্রিকেট জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০০৩ সালে স্কটল্যান্ডের হয়ে ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট লিগে খেলেছিলেন দ্রাবিড়। নামেন দ্বিতীয় ডিভিশনে ১১টি একদিনের ম্যাচে। মাত্র তিন মাসে ব্যাট হাতে দুর্দান্ত ছাপ ফেলেছিলেন। তিনটি শতরান ও দুটি অর্ধশতরানে ৬৬.৬৬ গড়ে করেন ৬০০ রান। নর্থ্যাম্পটনের বিরুদ্ধে ১১৪ রানের ইনিংস সেই টুর্নামেন্টে দ্রাবিড়ের অন্যতম সেরা পারফরম্যান্স।

রবিচন্দ্রন অশ্বিনের ক্ষেত্রে আগ্রহ আরও জোরালো। কারণ তিনি কেবল বিনিয়োগকারী নন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতেও আগ্রহী। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২৪ সালের ডিসেম্বরে। শেষ হয়েছে তার আইপিএল  অধ্যায়ও। তারপর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে অশ্বিনের খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ইউরোপের এই নতুন লিগ সেই পথ খুলে দিতে পারে।

এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে খেলার চুক্তিও করেছিলেন অশ্বিন। সব ঠিক থাকলে হতে পারতেন বিগ ব্যাশে খেলা প্রথম ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। কিন্তু চেন্নাইয়ে অনুশীলনের সময় হাঁটুর চোট পাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। অস্ত্রোপচারের পর দীর্ঘদিন রিহ্যাবে ছিলেন। ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে তার ফিটনেসই এখন বড় প্রশ্ন। তবে দ্রাবিড় ও অশ্বিন—দু’জনের নাম যুক্ত হওয়ায় নতুন এই লিগ শুরু হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেট মহলে কৌতূহল তৈরি হয়েছে।

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews