জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সম্প্রীতি অর্জন সম্ভব নয়। বর্তমানে পড়াশোনা ও খেলাধুলা থেকে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ। এর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে। গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে। 

গতকাল বরিশাল সার্কিট হাউসে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, ‘ছোটবেলায় আমি বরিশাল  মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলাধুলা করেছি। রাজনীতির চেয়ে খেলাধুলার প্রতি আমার মূল আকর্ষণ ছিল। তবে আগের দিনে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকলেও বর্তমানে তরুণ সমাজ আলাদা জগৎ নিয়ে ব্যস্ত। ইতিবাচক দিক হলো ছাত্ররা রাজনীতির প্রতিও সক্রিয় হয়ে উঠছে এবং দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে।’ তিনি আরও বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপিও জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর : আমাদের ভোলা প্রতিনিধি জানান, জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, জুলাই সনদ দেশবাসীর সম্পদ। প্রত্যেক রাজনৈতিক দল; যাদের সংসদে প্রতিনিধিত্ব আছে, তারা সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। আমি মনে করি বিএনপিও জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। শুধু যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে সে বিষয়গুলো ছাড়া বাকিগুলো বাস্তবায়ন করবে বিএনপি। গতকাল দুপুরে ভোলার সার্কিট হাউসে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews