ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পরে দুর্ঘটনাকবলিত বগিগুলো ঘটনাস্থলেই রেখে ট্রেনটির বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে দেয়া হয়েছে।
বুধবার রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর স্টেশনের অদূরে আউটার সিগন্যাল-সংলগ্ন পয়েন্টে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেসের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
রেলওয়ে সূত্র জানায়, রাত সোয়া ১০টার দিকে ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়। সেখানে ইঞ্জিনের দিক পরিবর্তনের পর পুনরায় যাত্রা শুরু করার সময় স্টেশনের অদূরে পয়েন্টে তিনটি কোচ লাইনচ্যুত হয়।
খবর পেয়ে ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাতেই উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর লাইনচ্যুত তিনটি বগি স্টেশন এলাকায় রেখে বিজয় এক্সপ্রেসের বাকি অংশ রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আকতার হোসেন বলেন, ‘বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন রাতেই উদ্ধারকাজ সম্পন্ন করেছে। লাইনচ্যুত বগিগুলো রেখে ট্রেনের বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে দেয়া হয়েছে।’