কুষ্টিয়া, ১৭ এপ্রিল – কুষ্টিয়ায় পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আজ শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা এই ধর্মঘটের ফলে কুষ্টিয়া মেহেরপুর ও কুষ্টিয়া প্রাগপুরসহ বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক জানান, বাস ও মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে শ্রমিক ইউনিয়নের গাড়ি অন্তর্ভুক্ত থাকলেও শ্রমিকরা কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য নিরসনে গত ১৫ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।
দাবি আদায় না হওয়ায় আজ শুক্রবার ভোর ৫টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন। কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মালিকদের সমান সুযোগ সুবিধা এবং কুষ্টিয়া খুলনা রুটে ইউনিয়নের নামে একটি বাস চালানোর দাবি জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান না হওয়ায় শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।
এস এম/ ১৭ এপ্রিল ২০২৬