ত্যাগ আর কুরবানির বার্তা নিয়ে বছর ঘুরে আবার হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব। সারাদেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।সকালে ঈদের নামাজের পর পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র  ঈদুল আজহা উদ্‌যাপিত হয়।  এদিন মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আশায় প্রত্যেক আর্থিক সামর্থ্যবান মুসলমানের ওপর কোরবানি করা ওয়াজিব। রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কোরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে।’ আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর এই ঈদুল আজহা। এ উৎসবের সঙ্গে মিশে আছে ত্যাগের এক অনুপম দৃষ্টান্ত। হজরত ইব্রাহিম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। পরম করুণাময় আল্লাহর অপার মহিমায় ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। সেই থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির প্রচলন।  এটি মুসলমানদের জন্য একটি ওয়াজিব এবাদত।

সুরা হজের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের জবাই করা পশুর রক্ত-মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। তিনি দেখেন তোমাদের তাকওয়া। আর এই তাকওয়া হচ্ছে আত্মশুদ্ধি, নিষ্কৃতি লাভ করা, ভয় করা।
এবার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া বিরূপ থাকলে এবং এ কারণে জাতীয় ঈদগাহে জামাতের আয়োজন সম্ভব না হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়। এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় পৃথক জামাত হবে। এ ছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঢাকার বাইরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান ও দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বড় দুই ঈদ জামাত হয়ে থাকে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঈদুল আজহার দিন দেশের অন্তত চার বিভাগ রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহীর বেশির ভাগ স্থানে বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। অপেক্ষাকৃত শুষ্ক থাকতে পারে খুলনা ও বরিশাল বিভাগ।
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ঈদুল আজহা ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহিমান্বিত বার্তা নিয়ে আবারও মুসলিম বিশ্বের দ্বারে এসেছে। আল্লাহ যেন আমাদের ত্যাগ কবুল করেন এবং মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।’
ঈদুল আজহা উপলক্ষে সরকারিভাবে হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews