৩১ July ২০২৬ Friday ১২:৫৩:৩৩ PM Print this E-mail this

ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষ : মাদরাসাশিক্ষকসহ নিহত ২,আহত ৪

রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে একটি যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের এক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও চারজন। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বড় কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের উপপরিচালক (প্রশিক্ষণ) মাওলানা এ বি এম আব্দুর রহিম (৫০) এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের বাসিন্দা মো. মেহেদী (২৪)। 

পুলিশ জানায়, মাওলানা আব্দুর রহিম সাপ্তাহিক ছুটিতে ঢাকা থেকে পিরোজপুরের কাঁঠালিয়ায় নিজের বাড়ি ফিরছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল মাহিন্দ্রাটি। সমবায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বরিশাল এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। ঘটনার পরপরই বাসটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীকালে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

আহতরা হলেন রিমন চন্দ্র ব্যাপারী (৩৫), মো. আবির রহমান (৩১), মো. নজরুল ইসলাম (৫৫) এবং দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রাটির চালক। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews