এক্সেল কনটেন্ডার সিরিজের (এক্সসিএস) মাধ্যমে বাংলাদেশে পেশাদার বক্সিংয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এটিই হতে যাচ্ছে দেশের প্রথম লিগভিত্তিক প্রফেশনাল বক্সিং সিরিজ। বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের (বিবিএফ) অধীনে এবং এক্সেল প্রোমোশনের উদ্যোগে আয়োজিত এই সিরিজটি বছরজুড়ে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতি ৬০ দিন পরপর একটি করে ইভেন্ট অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম ইভেন্ট ‘এক্সসিএস-ফোর’ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল, ঢাকার টিকেও বক্সিং একাডেমিতে। সিরিজে দেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চল, রাজশাহী, দিনাজপুর, সিলেট এবং ঢাকা থেকে প্রতিভাবান বক্সাররা অংশ নিচ্ছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে ইমন তাঞ্চাঙ্ঘ্যা, মুহাম্মদ উৎসব আহমেদ, হোসাইন আহমেদ ও মো. রাকিব হোসেন। এখানেই শেষ নয়। এই সিরিজে নারী বক্সিংকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই ইভেন্টের অন্যতম আকর্ষণ রাঙামাটির প্রতিশ্রুতিশীল বক্সার সাগরিকা চাকমা, যিনি সাবেক জাতীয় চ্যাম্পিয়ন সুর কৃষ্ণ চাকমার অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন।
‘এক্সিএস ফোরে’ চারটি ওজন শ্রেণীতে লড়াই হবে ৭টি। সবচাইতে বেশি চারটি লড়াই হবে ফেদারওয়েট শ্রেণীতে। যেখানে রাজশাহীর অরণ্য হোসেন আবিরের প্রতিপক্ষ ঢাকার তানিম আহমেদ, ঢাকার রাজিব হাসেনের সঙ্গে লড়াইটা আবার রাজশাহীর সিরাজুল রাব্বির। আকর্ষণীয় তৃতীয় লড়াইটি ‘রাজশাহী ডার্বি’ নাম পেতে পারে। পদ্মার পাড়ের এই জেলার দুই প্রতিযোগী মোঃ মিনহাজ আলী লড়বেন ‘স্বদেশী’ আলী আসাদুল্লাহর বীপরিতে। এই শ্রেণীর একমাত্র নারী ফাইটটি হবে রাঙামাটির সাগরিকা চাকমার সঙ্গে চায়ের দেশ সিলেটের রিমা সরকারের। ফ্লাইওয়েট শ্রেণীর একমাত্র লড়াইয়ে রাঙামাটির অরণ্য চাকমা লড়বেন রাজশাহীর রাসেল কবিরের বিপক্ষে। আর ব্যান্টামওয়েটের অদ্বিতীয় লড়াইটিও হতে যাচ্ছে ‘রাজশাহী ডার্বি’। আমের দেশের দুই প্রতিযোগী আবির মাহমুদ ও তামিম মোল্লা রিংয়ে মুখোমুখি হবেন একে অপরের।


এক্সসিএস-এর মূল লক্ষ্য হলো একটি কাঠামোবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে বক্সাররা নিয়মিত পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারবে। এই সিরিজের ফলে অংশগ্রহণকারী বক্সাররা পাবে একাধিক ফাইটের সুযোগ। সেই একাধিক ফাইট থেকে টানা ৪টি জয় পেলে তাদের জন্য থাকছে এক্সেল কন্ট্রাক্টের সুযোগ! তাতে মাসিক আর্থিক সহায়তা ও উন্নত প্রশিক্ষণ সুবিধা তো থাকছেই। তবে বক্সারদের উৎসাহ বাড়াতে সবচাইতে আকর্ষনীয় উদ্যোগটি হচ্ছে আন্তর্জাতিক লড়াইয়ের সুযোগ। এক্সেল কন্ট্রাকটের আওতায় থাকা বক্সাররা নিয়মিতভাবে আন্তর্জাতিক টুর্নামেন্ট কিংবা একক ফাইটের সুযোগ পাবেন।
বছরব্যাপী এই সিরিজের সকল কনটেন্ট ও ডকুমেন্টরি প্রযোজনা করবে বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম স্ট্রিমিং ভিডিও পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘বঙ্গ’। সিরিজে অংশগ্রহণকারী বক্সারদের জীবন, সংগ্রাম এবং স্বপ্নও তুলে ধরা হবে সেসব ডকুমেন্টরিতে। গতকাল এ ব্যপারে ‘বঙ্গ’র সঙ্গে একটি চুক্সি স্বাক্ষর অনুষ্ঠানে এক্সসিএস কন্টেন্ডার সিরিজ-কে বাংলাদেশের বক্সিংকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি যুগান্তকারী উদ্যোগ জানিয়ে এক্সেল প্রোমোশনের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হারুন বলেন, ‘এক্সসিএস কন্টেন্ডার সিরিজ শুধু একটি ইভেন্ট নয়, এটি বাংলাদেশের বক্সিংয়ের ভবিষ্যৎ গড়ার একটি প্ল্যাটফর্ম। এখানে পারফরম্যান্সের মাধ্যমে বক্সাররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews