‘যত বই তত প্রাণ’ স্লোগানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলা’। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বর্নাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন। 

উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানকে ‘আজীবন সম্মাননা’ পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন বাংলা ভাষা ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে মানসম্মত ইংরেজি অনুবাদের ওপর জোর দেন। বলেন, বাংলা বই অনুবাদের মধ্যদিয়ে বিশ্ব পরিমন্ডলে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা এখনও পূরণ হয়নি। কিছু বইয়ের অনুবাদ করা হলেও তা ভাষাগতভাবে খুবই দুর্বল। নিউইয়র্কের এই বইমেলায় সম্পৃক্তরা সে দায়িত্বটি নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি উল্লেখ করেন, মানসম্মত অনুবাদ না হলে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রজন্ম মাতৃভাষার লড়াই এবং ৩০ লাখ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে যথাযথভাবে জানা থেকে বঞ্চিত হবে।

প্রধান অতিথি অধ্যাপক রেহমান সোবহান দেশের ইতিহাস বিকৃতির সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় অবদানকারীদের নিয়ে বিতর্ক থাকা দুঃখজনক। ইতিহাসকে ভুলভাবে উপস্থাপনের মধ্য দিয়ে একটি জাতি কখনো এগিয়ে যেতে পারে না। 

উদ্বোধনী পর্বে বাংলাদেশ, কলকাতা ও প্রবাসের ৩৫ জন লেখক, কবি ও প্রকাশককে বিশেষ সম্মাননা জানানো হয়। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এ বইমেলা চলবে আগামী ২৫ মে পর্যন্ত। মেলায় বাংলাদেশ ও প্রবাসের বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

অনুষ্ঠানে আগত অতিথিসহ সবাইকে স্বাগত জানান মুক্তধারা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ এবং আয়োজক কমিটির আহ্বায়ক ড. নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রওনক জাহান, ফরিদুর রেজা সাগর, বব হোলম্যান, অধ্যাপক মোস্তফা সারোয়ার, রুদ্র শংকর, ফারুক আহমেদসহ সাহিত্য, সংস্কৃতি ও প্রবাসী সমাজের বিশিষ্টজনেরা।



বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews