নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রবাসীর বাড়িতে বৃহস্পতিবার রাতে হানা দেয় ডাকাত দল। তারা দুটি আলমারি ভেঙে টাকা, স্বর্ণালংকারসহ ৪৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি পরিবারের সদস্যদের। এ ঘটনায় একজনের নামোল্লেখসহ অজ্ঞাত ১২-১৫ জনের বিরুদ্ধে গতকাল থানায় লিখিত অভিযোগ করেছেন প্রবাসী আবুল কালামের স্ত্রী। সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সূত্রে জানা যায়, ১২-১৫ জনের একটি দল রাতে পিরোজপুর ইউনিয়নের চর গোয়ালদী কোনাপাড়ায় মালয়েশিয়া প্রবাসী আবুল কালামের বাড়িতে যায়। তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায় ও মারধর করে। দুটি আলমারি ভেঙে ৫ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন, একটি আইপ্যাডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়।