ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও যুদ্ধবিরতির আলোচনা জোরালো হলেও লেবাননে ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার দিনভর দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলা, ড্রোন আক্রমণ ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।

শনিবার ভোরে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার দেইর আল-জাহরানি এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত হন। একই দিন জেজ্জিন জেলার রিহান শহরের মেয়রও পৃথক এক হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া উপকূলীয় শহর টাইরের দক্ষিণে একটি কবরস্থানে হামলায় আরও একজনের প্রাণহানি ঘটে।

দিনের শুরুতেই এসব প্রাণহানির ঘটনার পরও ইসরাইলি বাহিনীর সামরিক তৎপরতা থেমে থাকেনি। বিভিন্ন এলাকায় ড্রোন হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

অন্যদিকে, লেবাননের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা সীমান্তবর্তী এলাকায় অগ্রসর হওয়ার চেষ্টা করা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের বিষয়ে নানা আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, সম্ভাব্য চুক্তির আওতায় লেবাননেও যুদ্ধবিরতি কার্যকর হতে পারে এবং ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় রয়েছে।

তবে মাঠপর্যায়ের পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে। যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের সম্ভাবনার কথা শোনা গেলেও বাস্তবে দক্ষিণ লেবাননে সংঘাত, হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ফলে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত মিললেও স্থায়ী সমাধান ও কার্যকর যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত লেবানন সীমান্তে সহিংসতা অব্যাহত থাকার ঝুঁকি থেকেই যাচ্ছে।

সূত্র: আল জাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews