বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ১৫ ওভারে ৪৮ রানে ৭ উইকেট নেন শরিফুল। বিদেশের মাটিতে বাংলাদেশী বোলার হিসেবে এটাই সেরা বোলিং।

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। গত জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪০.২ ওভার বল করে ১৩৮ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তাইজুল। ওই টেস্ট ইনিংস ও ৮৫ রানে হারে বাংলাদেশ।

এ ছাড়া বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টের এক ইনিংসে ৭ উইকেট শিকারের কীর্তি গড়েছেন শরিফুল।

এত দিন বাংলাদেশের পেসার হিসেবে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেটের মালিক ছিলেন শাহাদাত হোসেন। ১৮ বছর পর নতুন রেকর্ড গড়লেন শরিফুল।

সর্বশেষ ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ১৫.৩ ওভারে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন শাহাদাত। এতদিন বাংলাদেশ পেসারদের মধ্যে এটি সেরা বোলিং ফিগার ছিল। ওই টেস্ট ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

টেস্টে বাংলাদেশের বোলারদের মধ্যে ইনিংসে সেরা বোলিংয়ের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন শরিফুল। প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন যথাক্রমে- তাইজুল ও সাকিব।

২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬.৫ ওভারে ৩৯ রান খরচায় ৮ উইকেট নিয়েছিলেন তাইজুল। যা এখনো বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং ফিগার। ওই টেস্ট ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

এরপর আছেন সাকিব। ২০০৮ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫.৫ ওভারে ৩৬ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তিনি।

এ ছাড়া ১৪০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে বাঁ-হাতি পেসার হিসেবে ইনিংসে ৭ উইকেট শিকার করলেন শরিফুল। সর্বশেষ ১৮৮৬ সালে ম্যানচেস্টারে ৪৪ রানে ৭ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার ডিক বারলো।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews