ইউক্রেন জুড়ে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার দিনভর এই হামলায় অন্তত ১০ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। এদিন বিকাল পর্যন্ত দফায় দফায় এই হামলা চলে। ফলে মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

আল জাজিরার খবর অনুসারে, ইউক্রেনের দক্ষিণ-পূর্ব দিকের শহর দিনিপ্রোতে একটি বড় মিসাইল হামলা হয়। সেখানকার গভর্নর ওলেকজান্ডার হাঞ্জা জানান, এই হামলায় ৬ জন মারা গেছেন এবং ২৯ জন আহত হয়েছেন। মূলত একটি স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান, সাধারণ মানুষের বাড়িঘর ও গাড়ির ওপর এই হামলা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া তাদের সাধারণ স্থাপনায় আঘাত হেনেছে। সেখানে উদ্ধারকাজ চলছে। তিনি ইউরোপকে নিজেদের সুরক্ষাব্যবস্থা আরও শক্ত করার আহ্বান জানান।

অন্যদিকে, জাপোরিঝিয়া শহরে একটি যাত্রীবাহী মিনিবাসে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে দুই পুরুষ ও এক নারীর মৃত্যু হয়। সাত বছরের এক শিশুসহ আহত হয় আরও ৮ জন। গভর্নর ইভান ফেডোরভ ওই রক্তাক্ত বাসের একটি ভিডিও পোস্ট করেছেন। বিকালে সেখানে আরেকটি ভ্যানে হামলা হলেও কেউ হতাহত হয়নি।

এছাড়া, উত্তর-পূর্ব শহর খারকিভেও বোমা হামলা হয়েছে। এতে ২৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় এবং ১০ জন আহত হন। মেয়র ইহর তেরেখভ জানান, হামলায় একটি ট্রাম ও ১৫টির বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সেখানে আরও একটি বোমা পড়লেও সেটি ফাটেনি।

যুদ্ধ এখন পঞ্চম বছরে পড়ল। খারকিভ, দিনিপ্রো এবং জাপোরিঝিয়ার মতো বড় শহরগুলোতে প্রায়ই এমন হামলা হয়। তবে সর্বশেষ এই হামলার বিষয়ে রাশিয়া কোনো কথা বলেনি। দুই পক্ষই সাধারণ মানুষের ওপর হামলার কথা অস্বীকার করে আসছে।

বিডিপ্রতিদিন/কেকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews