ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে বেনাপোল ইমিগ্রেশন। পূর্ব ঘোষণা না থাকায় গতকাল সারাদিন প্রায় ৪শ' পাসপোর্ট যাত্রী ভারতে ঢুকতে না পেরে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফিরে গেছেন। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন থেকে বেনাপোল ইমিগ্রেশনকে জানানো হয়, শুধুমাত্র জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। একই সাথে বাংলাদেশে অবস্থানরত ভারতের পশ্চিবঙ্গের ভোটাররা ভারতে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি অতি পচনশীল পণ্য আমদানি-রপ্তানি চলমান থাকবে।
গতকাল বন্ধের প্রথমদিন পচনশীল মাছ ও ফলের ১৫ ট্রাক আমদানি হয়েছে এবং বাংলাদেশ থেকে ৬ ট্রাক মাছ রপ্তানি হয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন উপলক্ষে রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোলের স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে টানা তিন দিন এ পথে শুধুমাত্র পঁচনশীল পণ্য ছাড়া অন্যকোন পণ্য আমদানি-রপ্তানি হবে না। আগামী বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে সকল পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন