দায়িত্ব ছাড়তেই আসিফ নজরুলকে নিয়ে বিরূপ মন্তব্য করলেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাবেক ক্রীড়া উপদেষ্টাকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন তিনি। সেই সাথে জানান, বিশ্বকাপে না খেলতে পেরে হতাশ ক্রিকেটাররা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে না চাওয়ায় দর্শক হয়েই থাকতে হচ্ছে টাইগারদের। তার বদলে খেলছে স্কটল্যান্ড।

বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত কিভাবে এসেছে, তা নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। প্রথমে যদিও বলা হয়েছিল সিদ্ধান্তটা বাংলাদেশ সরকারের, তবে এরপর মত বদলান ক্রীড়া উপদেষ্টা।

দায়িত্বকালীন সময়ের শেষ মুহূর্তে এসে সুর বদলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের নয়, বিসিবি ও ক্রিকেটারদের।

তার এমন দ্বিচারিতা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ সালাউদ্দিন। আজ (শুক্রবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন-

‘উনি খাঁড়ার ওপর এরকম মিথ্যা কথা বলবে আমি আসলে ভাবতেও পারছি না। আমি কিভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো। উনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবে আমরা আসলে এটা মানতে পারতেছি না।’

‘শিক্ষকরা তো একটু মিথ্যা কথা কম বলে। এটা আসলে আমরা মানতে পারছি না। কিভাবে মানব? এটা আমাদের বলার মতো না যে উনি কী বলে আসলো আর উনি কিভাবে ইউ-টার্নটা নিলো।’ যোগ করেন সালাউদ্দিন।

বিশ্বকাপ খেলতে না পারার কারণে কয়েকজন ক্রিকেটার কোমায় (হতাশ) চলে গিয়েছিলেন বলেও মতামত দেন সালাহউদ্দিন। তিনি জানান, অদম্য টি-টোয়েন্টি কাপে ক্রিকেটারদের মাঠে ফেরানোটাই তার কোচিং জীবনের সেরা সাফল্য।

সালাহউদ্দিন বলেন, একটা মানুষের স্বপ্ন শেষ করে দিয়েছেন। আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কোমায় চলে গিয়েছিল। চার পাঁচ দিন ধরে খেই হারায় গিয়েছিল। তাদের যে আমরা টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাফল্য কোচিংয়ে আমার জীবনে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews