গ্যাস–সংকট পুরোপুরি না কাটলেও পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এতে কয়েক দিন বন্ধ থাকার পর গ্যাসনির্ভর অনেক কারখানা গতকাল রোববার উৎপাদনে ফিরতে শুরু করেছে। তবে ঢাকার বাইরে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হয়নি। ফলে অনেক শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।
নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও হবিগঞ্জে খোঁজ নিয়ে এমন চিত্র পাওয়া গেছে। কয়েকজন শিল্প উদ্যোক্তা জানিয়েছেন, গ্যাসের চাপ বাড়তে শুরু করায় কারখানার উৎপাদন শুরু হয়েছে। তবে গ্যাসের চাপ এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেনি। তাতে কিছু পণ্যের উৎপাদন পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না।
দেশের শিল্পকারখানায় গ্যাস-সংকট অনেক দিন ধরেই চলছে। গত ২১ জুলাই অগ্নিদুর্ঘটনায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি টার্মিনাল বন্ধ হওয়ায় গ্যাসের সংকট প্রকট হয়। এতে নিত্যপণ্য, ওষুধ, সিরামিক, ইস্পাতসহ গ্যাসনির্ভর প্রায় সব কারখানায় উৎপাদন কমে যায়। গত সপ্তাহের শেষ দিকে পরিস্থিতি এমন দাঁড়ায় যে কারখানার একাংশ পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছে।