মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমান দেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই খাল খনন ও নদী খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। সারা বাংলাদেশেই খাল ও নদী খনন কর্মসূচি চলমান রয়েছে। কাজেই আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী সে পদক্ষেপ নিচ্ছেন। বিএনপি যা বলে তাই কিন্তু করে।
শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী টুকু বলেন, টাঙ্গাইলের মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী ও লৌহজং নদীর স্বাভাবিক গতি ফিরে পাবে। আজ আমরা এ নদী খনন কর্মসূচির উদ্বোধন করলাম। নদীর যে জায়গা, সেই জায়গাতেই খনন করা হবে। আশপাশে কেউ যদি তা দখল করে রাখে, প্রশাসন তা দখলমুক্ত করবে। প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আর বর্তমান সরকার এক নয়। আমাদের সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।
উল্লেখ্য, ধলেশ্বরী ও লৌহজং নদীর ৫২.৯২ কিলোমিটার পুনঃখননের ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৭০ লাখ টাকা।