ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, নিজের কর্মকাণ্ডের কোনো দায় স্বীকার না করে মানুষ ও দলকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশে ফেরার কথা বলে নেতাকর্মীদের ‘অবাস্তব স্বপ্ন’ দেখানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে সোহেল তাজ এসব কথা বলেন। তার ওই পোস্ট প্রকাশের পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

পোস্টে শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি লেখেন, "শুনছি, ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী আবার দেশে ফেরার কথা বলছেন। ফিরতে চাইতেই পারেন, কিন্তু প্রশ্ন হলো— একজন মানুষ কতটা নির্লজ্জ বা বেহায়া হলে নিজের সব কর্মকাণ্ড অস্বীকার করে মানুষ ও নিজের দলকেই বিভ্রান্ত করে এমন অবাস্তব স্বপ্ন দেখাতে পারেন?"

সোহেল তাজ তার পোস্টে অভিযোগ করেন, দীর্ঘ শাসনামলে সংঘটিত গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করা, মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট এবং বিদেশে অর্থ পাচারের মতো অভিযোগ থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, এসব বিষয়ে আত্মসমালোচনা না করে সবকিছুকে অস্বীকার করার মাধ্যমে দলের নেতাকর্মীদের ভুল বার্তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বাস্তবতা মেনে নেওয়ার পরিবর্তে বিভিন্ন ষড়যন্ত্রের তত্ত্ব প্রচার করে আওয়ামী লীগকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। এতে দল যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি দেশের রাজনৈতিক সংকটও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিশ্ব ইতিহাসের উদাহরণ টেনে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর পুনরায় ক্ষমতায় ফিরে আসার ঘটনা অত্যন্ত বিরল। তার দাবি, ব্রাজিলের গেতুলিও ভার্গাস, বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান দ্বিতীয় এবং মেক্সিকোর অ্যান্টোনিও লোপেজ দে সান্তা আনা ব্যতিক্রমীভাবে পুনরায় ক্ষমতায় ফিরেছিলেন। তবে তাদের ক্ষমতাচ্যুতির প্রেক্ষাপট ছিল সামরিক অভ্যুত্থান, জনগণের গণ-অভ্যুত্থান নয়।

বাংলাদেশের প্রসঙ্গ টেনে সোহেল তাজ বলেন, শেখ হাসিনা জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাই তার মতে, দেশে ফিরে ক্ষমতায় যাওয়ার কোনো বাস্তব সম্ভাবনা নেই।

পোস্টের শেষদিকে তিনি বলেন, "তিনি দেশে ফিরতে পারেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য নয়; আইনের মুখোমুখি হওয়ার জন্য।" সোহেল তাজের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews