শতরানের জুটিতে উড়ন্ত শুরু এনে দিলেন জর্জ মানজি। শক্ত ভীতে দাঁড়িয়ে ঝড় তুললেন ব্রান্ডন ম্যাককুলেন, মাইকেল লিস্করা। পরে বল হাতেও আগুন ঝরালেন লিস্ক। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতালির বিপক্ষে বড় জয় পেল স্কটল্যান্ডও।

কলকাতার ইডেন গার্ডেন্সে ‘সি’ গ্রুপের ম্যাচটি ৭৩ রানে জিতেছে স্কটিশরা। ২০৭ রানের পুঁজি গড়ে তারা ইতালিয়ানদের গুটিয়ে দেয় স্রেফ ১৩৪ রানে।

৫ বলে অপরাজিত ২২ রানের পর ১৭ রানে ৪ উইকেট নিয়ে তাদের জয়ের নায়ক লিস্ক।

বিশ্বকাপে অভিষেকের ম্যাচে ইতালির সবচেয়ে বড় হতাশার বিষয় হলো অধিনায়ক ওয়েইন ম্যাডসেনের চোট। ম্যাচের চতুর্থ ওভারে ফিল্ডিংয়ের সময় কাঁধে মারাত্মক আঘাত পান এই ৪২ বছর বয়সী। পরে ফিজিওর সঙ্গে যখন মাঠ ছেড়ে যান, জার্সির সঙ্গে বাঁ হাত স্লিংয়ের মতো করে ঝুলিয়ে রাখতে দেখা যায় তাকে। যন্ত্রণার ছাপ তখনও ছিল তার চোখে-মুখে।

ম্যাডসেন কেবল অধিনায়কই নন, দলের সবচেয়ে বড় ব্যাটিং ভারসাও। তাকে ছাড়া তাই লড়াইটাও জমাতে পারেনি প্রস্তুতি ম্যাচে কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে হারানো ইতালি।

ইনিংস শুরু করতে নেমে ৮৩ বলে ১২৬ রানের উদ্বোধনী জুটিতে দুই ছক্কা ও ১৩ চারে ৫৪ বলে ৮৪ রান করেন মানজি। ১৮ বলে ৪১ রানের বিস্ফোরক ইনিংস খেলতে চারটি ছক্কা মারেন ব্র্যান্ডন ম্যাকমুলেন। দুই ছক্কা ও এক চারে ৩৭ রান আসে মাইকেল জোন্সের ব্যাট থেকে।

স্কটিশদের সৌজন্যে এবারের আসরে সপ্তম ম্যাচে এসে দেখা গেল দুইশ ছোঁয়া সংগ্রহ।

জবাবে প্রথম বলেই উইকেট হারানো ইতালি লড়াই চালিয়ে যায় চতুর্থ উইকেটে দুই মানেন্তি ভাইয়ের ৪৬ বলে ৭৩ রানের জুটিতে।

প্রথমবারের মতো ক্রিকেটের কোনো বিশ্বকাপে খেলতে নামা ইতালির হয়ে ফিফটি করেন বেন মানেন্তি। এক ছক্কা ও পাঁচটি চারে ৫২ রান করেন তিনি। হ্যারি মানেত্তি করেন ২৫ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৭ রান।

সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড: ২০ ওভারে ২০৭/৪ (মানজি ৮৪, জোন্স ৩৭, ম্যাকমুলেন ৪১*, বেরিংটন ১৫, ব্রুস ১, লিস্ক ২২*; হাসান ৪-০-২১-১, স্টুয়ার্ট ৪-০-৪৪-১, ড্রাকা ২-০-৩৭-১, স্মাটস ৪-০-৩৮-১, বেন মানেন্তি ২-০-২০-০, হ্যারি মানেন্তি ১-০-১৫-০, কালুগামাগে ৩-০-৩২-০)

ইতালি: ১৬.৪ ওভারে ১৩৪ (জাস্টিন ০, অ্যান্থনি ১৩, স্মাটস ২২, হ্যারি মানেন্তি ৩৭, বেন মানেন্তি ৫২, স্টুয়ার্ট ২, মেডি ০, কালুগামাগে ৩*, ড্রাকা ২, হাসান ০, ম্যাডসেন আহত অনুপস্থিত; লস্ক ৪-০-১৭-৪, কারি ২-০-১২-১, হুইল ২.৪-০-২৯-১, ওয়াট ৪-০-২৪-২, ডেভিডসন ৩-০-৩৯-১, ম্যাকমুলেন ১-০-১৩-০)

ফল: স্কটল্যান্ড ৭৩ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মাইকেল লিস্ক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews