সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ একটি ঘর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ওই কক্ষে থাকা অপর ব্যক্তি পলাতক রয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়া থানাধীন বাসাইদ ইউনিয়নের রাজু সিটি স্থানীয় আমির আলীর বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। আশপাশের লোকজনের সঙ্গেও কক্ষে থাকা ব্যক্তিদের তেমন পরিচয় ছিল না। কক্ষটিতে দুই ব্যক্তি থাকতেন।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম রাত সাড়ে ১১টার দিকে যুগান্তরকে বলেন, এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ওই কক্ষে দুই ব্যক্তি থাকতেন এবং তারা সাত দিন আগে ঘরটি ভাড়া নিয়েছিলেন। লাশ উদ্ধারের পর অপর ব্যক্তিকে আর পাওয়া যাচ্ছে না।
ওসি বলেন, পুলিশ তাকে শনাক্ত ও গ্রেফতারে উন্নত প্রযুক্তির সহায়তা নিচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি তাকে হত্যা করে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ওই ঘর থেকে পচা গন্ধ বের হলে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, কক্ষটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ।
পরে পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করে মেঝেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। এরপর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।