দিন দিন সাধারণ মেসেজিং অ্যাপের বাইরে গিয়ে হোয়াটসঅ্যাপ আমাদের নিত্যব্যবহারের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে। মেসেজ পাঠানো ছাড়াও ছবি, ভিডিও, স্ট্যাটাস এবং ভয়েস নোটের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের দৈনন্দিন মুহূর্ত শেয়ার করেন। এবার হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে এসেছে, যা ব্যবহারকারীদের স্টেটাস শেয়ারিংকে আরও ব্যক্তিগত ও নিয়ন্ত্রণযোগ্য করে তুলবে।
নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটের জন্য আলাদা কিউরেটেড কনট্যাক্ট লিস্ট তৈরি করতে পারবেন। অর্থাৎ, আপনি চাইলে আপনার স্ট্যাটাস আপডেট শুধু আপনার পছন্দের কিছু বন্ধু বা পরিবারের কাছে পাঠাতে পারবেন, বাকি কনট্যাক্টরা তা দেখতে পারবে না। আগের মতো সব কনট্যাক্টের কাছে স্ট্যাটাস যাওয়ার প্রয়োজন নেই। পাশাপাশি, আলাদা আলাদা স্ট্যাটাস আলাদা আলাদা কনট্যাক্ট লিস্টের জন্য আপডেট করা যাবে।
এই ফিচারটি অ্যান্ড্রয়েড ২.২৬.৫.১১ ভার্সনের হোয়াটসঅ্যাপ বিটাতে পাওয়া যাচ্ছে। স্ট্যাটাস আপডেটের প্রাইভেসি সেটিংসে গিয়ে নির্দিষ্ট স্টেটাসের জন্য একটি কিউরেটেড লিস্ট তৈরি ও সিলেক্ট করতে হবে। একবার লিস্ট সিলেক্ট করলেই আপনার স্ট্যাটাস কেবল সেই নির্বাচিত কনট্যাক্টের কাছে পৌঁছাবে। এটি অনেকটাই ইনস্টাগ্রামের ক্লোজ ফ্রেন্ডস ফিচারের মতো, যেখানে ব্যবহারকারীরা নির্দিষ্ট বন্ধুদের জন্য আলাদা আপডেট শেয়ার করতে পারেন।
এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজের স্টেটাস আরও নিয়ন্ত্রিতভাবে ও ব্যক্তিগতভাবে শেয়ার করতে পারবেন। ব্যক্তিগত মুহূর্ত, ঘনিষ্ঠ বন্ধুদের জন্য আলাদা আপডেট, নির্দিষ্ট গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস অল এখন সহজভাবে করা সম্ভব হবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এটি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফিচারকে আরও কাস্টমাইজড ও ব্যক্তিগতকৃত করবে।
যদিও ফিচারটি এখন শুধু বিটা ভার্সনে পাওয়া যাচ্ছে, পুরো ব্যবহারকারীর জন্য ফুল আপডেটেড ভার্সন কবে আসবে তা এখনো জানা যায়নি। তবে হোয়াটসঅ্যাপের এই ধরনের উন্নতি ব্যবহারকারীদের প্রাইভেসি ও নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধির দিকে বড় ধাপ বলে মনে হচ্ছে।
কেএসকে