নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গাং তালমা এলাকায় সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে জলাবদ্ধতার আশঙ্কায় স্থানীয় কৃষকদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ওই এলাকার বাসিন্দা রফিক মৃধার মেয়ে ও তার জামাই আলমগীর হোসেন খালের জায়গা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন।

স্থানীয়দের অভিযোগ, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কের পাশের খাল দিয়ে বর্ষা মৌসুমে শত শত একর ফসলি জমিতে পানি প্রবেশ করে এবং মৌসুম শেষে পানি নদীতে নেমে যায়। অবৈধ দখলে খালটি সরু হয়ে যাওয়ায় সময়মতো ফসলি জমি থেকে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ফলে কৃষকরা নির্ধারিত সময়ে ফসল রোপণ ও ঘরে তুলতে পারছেন না, যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে।

অভিযুক্ত আলমগীর হোসেনের স্ত্রী সনিয়া বলেন, তারা গরু-ছাগল পালনের জন্য খালের ওপর পাকা ঘর নির্মাণ করছেন। এতে খালে পানি প্রবাহে কোনো সমস্যা হবে না।

তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, ‘সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণের ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা তৈরি হবে।’

তালমা ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মোশাররফ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করেছি। তারপরও পুনরায় কাজ শুরু করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হবে।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধান ও খালটি দখলমুক্ত করার দাবি জানান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews