ড্র করলে দুই দলের সামনেই থাকবে নকআউট পর্বে ওঠার সুযোগ। আর ম্যাচ জয়-পরাজয়ে নিষ্পত্তি হলে জয়ী দলকে পরের রাউন্ডে খেলতে হবে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে। এমন পরিস্থিতিতে অস্ট্রিয়া ও আলজেরিয়া দু’দলই জানিয়েছে, তারা জয়ের জন্যই মাঠে নামবে।
কানসাস সিটি স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল ৮টায়।
গ্রুপ ‘জে’ থেকে এরই মাঝে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই গ্রুপের রানার্স-আপ দল মুখোমুখি হবে গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন স্পেনের। আর তৃতীয় স্থানধারী দল খেলবে গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়নদের বিপক্ষে, যেখানে হতে পারে তুলনামূলক সহজ প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
তিন পয়েন্ট নিয়ে দুই দলই সমান অবস্থানে আছে, গোল ব্যবধানে অস্ট্রিয়া দ্বিতীয় স্থানে, তিনে আলজেরিয়া। তাদের মধ্যকার লড়াই ড্র হলে প্রায় নিশ্চিতভাবেই দুই দলই পরের রাউন্ডে যাবে।
এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে দল ড্রয়ের জন্য খেলবে কিনা। অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক বলেন, "না, অবশ্যই না। আমরা ড্রয়ের জন্য খেলতে পারি না। আমরা মাঠে নামব জয়ের জন্যই।"
আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেতকোভিচও একই সুরে বলেন, "ফুটবলে কোনো ‘যদি’ বা ‘কিন্তু’ নেই। প্রতিপক্ষকে সবসময় একইভাবে মোকাবিলা করতে হয়—জয়ই যেখানে শেষ কথা।"
১৯৮২ সালের কুখ্যাত “গিজনের লজ্জা”র প্রসঙ্গও উঠে আসে। তখন পশ্চিম জার্মানি ১-০ গোলে অস্ট্রিয়াকে হারিয়ে দুই দলই এগিয়ে যায়, আর আলজেরিয়া বাদ পড়ে। সেই ম্যাচে দুই দল গোলের চেষ্টাই বন্ধ করে দেয়, যার ফলে ফিফা শেষ দিনের ম্যাচগুলো একসঙ্গে শুরু করার নিয়ম চালু করে।
রাংনিক বলেন, "আমার খেলোয়াড়রা হয়তো সংবাদপত্রে পড়েছে সেই ঘটনার কথা, কিন্তু এর কোনো প্রভাব পড়বে না কালকের ম্যাচে।"
অস্ট্রিয়ার মিডফিল্ডার কনরাড লাইমার যোগ করেন, "আমরা মাঠে নামব জয়ের জন্যই। প্রতিপক্ষ কে, তা গুরুত্বপূর্ণ নয়।"
অস্ট্রিয়া ও আলজেরিয়া দু’দলই ইতোমধ্যে আর্জেন্টিনার কাছে হেরেছে এবং জর্ডানকে হারিয়েছে। জর্ডান ইতোমধ্যেই বিদায় নিয়েছে।