টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে দুর্নীতির অভিযোগ এবং কানাডা ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ অনিয়ম নিয়ে তদন্ত করছে আইসিসি’র দুর্নীতি দমন ইউনিট (এসিইউ)। মূলত ভারতের মাটিতে হওয়া গত বিশ্বকাপের একটি নির্দিষ্ট ওভার এখন গোয়েন্দাদের নজরদারিতে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আইসিসি বর্তমানে দুটি আলাদা বিষয়ে তদন্ত করছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে দুর্নীতি দমন নীতিমালা লঙ্ঘন এবং ক্রিকেট কানাডার প্রশাসনিক স্তরে প্রভাব খাটিয়ে দল নির্বাচন।

কানাডার সরকারি গণমাধ্যম কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন-সিবিসিতে প্রচারিত ‘করাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট’ শীর্ষক একটি অনুসন্ধানী তথ্যচিত্রে এই বিস্ফোরক তথ্যগুলো উঠে এসেছে। তথ্যচিত্রের দাবি অনুযায়ী, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার করা একটি ওভার নিয়ে প্রশ্ন উঠেছে। সেই ম্যাচে নিউজিল্যান্ডের ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন বাজওয়া। এছাড়া টুর্নামেন্ট শুরুর মাত্র তিন সপ্তাহ আগে তাকে বিতর্কিতভাবে অধিনায়ক করা হয়েছিল। মূলত ব্যাটিং অলরাউন্ডার বাজওয়া সেই ওভারটি শুরু করেন নো বল দিয়ে, এরপর একটি ওয়াইড করেন এবং সব মিলিয়ে ওই ওভারে ১৫ রান খরচ করেন। অথচ তার আগের ওভারেই আরেক বোলার মেইডেন উইকেট নিয়েছিলেন। তদন্তের দ্বিতীয় অংশটি মূলত দল নির্বাচনে কর্মকর্তাদের অনৈতিক হস্তক্ষেপ নিয়ে। সাবেক কোচ খুররম চৌহানের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা গেছে, বোর্ডের তৎকালীন কয়েকজন সিনিয়র সদস্য তাকে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে নিতে বাধ্য করার চেষ্টা করেছিলেন। একই অভিযোগ তুলেছেন আরেক সাবেক কোচ পুবুদু দাসানায়েকে। তিনি জানান, ২০২৪ বিশ্বকাপের দল নির্বাচনে কথা না শোনায় তাকে চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি বোর্ডের বিরুদ্ধে মামলা লড়ছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews