সংবাদমাধ্যমের খবর, আসন্ন গ্রীষ্মে এই আর্জেন্টাইন তারকার সম্ভাব্য দলবদল নিয়ে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বার্সেলোনা।

হুলিয়ান আলভারেসকে নিয়ে বার্সেলোনার আগ্রহের কথা অনেকবারই এসেছে স্প্যানিশ সংবাদমাধ্যমে। সেটিই যেন নতুন মাত্রা পেয়েছে সোমবার। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন এর খবর, আসছে গ্রীষ্মে এই স্ট্রাইকারের সম্ভাব্য দলবদল নিয়ে ক্লাবের অবস্থান জানতে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যোগাযোগ করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে এই প্রসঙ্গে সরাসরি কিছু বলতে চাননি আর্জেন্টাইন তারকা।

বার্সেলোনায় ৩৭ বছর বয়সী স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ইএসপিএন লিখেছে, কোচ হান্সি ফ্লিক ক্লাবের কাছে একজন নতুন ‘নাম্বাই নাইন’ চেয়েছেন এবং আগামী মৌসুমে লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার সঙ্গে আক্রমণ ত্রয়ী গড়ার জন্য আলভারেসকে সবচেয়ে আদর্শ একজন হিসেবে দেখা হচ্ছে।

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে আগামী বুধবার আর্সেনালের মুখোমুখি হবে আতলেতিকো। তার আগে সোমবারের সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই ক্যারিয়ারের ভবিষ্যৎ প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় আলভারেসকে। ২৬ বছর বয়সী এই ফুটবলার শুধুই খেলায় মনোযোগ দেওয়ার কথা বলেন।

তিনি বলেন,‘যখনই এরকম কোনো বিষয় সামনে আসে, প্রতিবার তা অস্বীকার বা স্পষ্ট করা আমার পক্ষে সম্ভব নয়। সামাজিক মাধ্যমে কী বলা হয়, সেদিকে মনোযোগ না দেওয়ার চেষ্টা করি, কারণ এগুলো মিথ্যার স্তুপে পরিণত হয়। আমার শক্তি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য সঞ্চয় করতে হবে আমাকে, আর সেটা হলো সুস্থ থাকা, যেন আমি দলকে সাহায্য করতে পারি। এসব নিয়ে খুব বেশি চিন্তা না করার চেষ্টা করি আমি; প্রতি সপ্তাহেই নতুন নতুন বিষয় সামনে আসে। এসব নিয়ে শক্তি অপচয় না করার চেষ্টা করি; আমরা মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে আছি। আমার মনোযোগ এখন সুস্থ থাকার ওপর।’

ইএসপিএন লিখেছে, আর্থিক দিক থেকে এবং আলভারেসকে ছাড়তে আতলেতিকোর অনিচ্ছার কারণে এই চুক্তি করাটা সহজ হবে না বার্সেলোনার জন্য।

২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোয় যোগ দেওয়া আলভারেসের ট্রান্সফার ফি দাঁড়াতে পারে সাড়ে ৯ কোটি ইউরো। মাদ্রিদের ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ আছে ২০৩০ সাল পর্যন্ত, যেখানে রিলিজ ক্লজ ৫০ কোটি ইউরো।

তার ক্লাব ছাড়ার বিষয়টি এড়াতে আতলেতিকো নাকি তাকে ২০৩২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাবও দিতে পারে।

বার্সেলোনা বর্তমানে লা লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের বাইরে থেকে কাজ করছে। সব মিলিয়ে আলভারেসকে পাওয়াটা খুব কঠিন হবে তাদের জন্য।

বিডি-প্রতিদিন/এআইডি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews