শেয়ারবাজারে তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। তালিকাভুক্ত যেসব মিউচুয়াল ফান্ডের প্রকৃত সম্পদমূল্য বা এনএভির চেয়ে বাজারমূল্য ন্যূনতম ২৫ শতাংশ কম, সেসব মিউচুয়াল ফান্ড হয় অবসায়িত হবে, নয়তো রূপান্তরিত হবে বে-মেয়াদি তহবিলে। এই দুইয়ের মধ্যে ফান্ডগুলোর পরিণতি কোনটি হবে, সেই সিদ্ধান্ত নেবেন এসব ফান্ডের ইউনিটধারীরা।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত বছর সংশোধিত মিউচুয়াল ফান্ড বিধিমালার পরিপালনের আওতায় বড় এই পরিবর্তন আসতে যাচ্ছে। গত বৃহস্পতিবার এই বিধিমালার বাস্তবায়ন প্রক্রিয়াসংক্রান্ত আদেশ জারি করেছে বিএসইসি। মিউচুয়াল ফান্ডের সংশোধিত বিধিমালা অনুযায়ী, ১২ মে তারিখ পর্যন্ত যেসব ফান্ডের ইউনিটের বাজারমূল্য ওই ফান্ডের এনএভির চেয়ে ন্যূনতম ২৫ শতাংশ কম, সেসব ফান্ডকে ১২ জুনের মধ্যে বে-বেয়াদিতে রূপান্তর বা অবসায়নের প্রক্রিয়া শুরুর বিষয়ে উদ্যোগ নিতে হবে।