একাত্তরে শরণার্থী হয়ে গারো পাহাড়ে গিয়ে উঠেছিলাম। বাবা ছিলেন শিক্ষক। তাঁর এক দেশান্তরী ছাত্রের বাড়িতে শেষতক আশ্রয় পেলাম বারেঙ্গাপাড়ায়। সেখানে আমার ছোটবেলার এক খেলার সাথি ছিল। নাম অর্চনা হাজং। অর্চনা ‘পুতুলের বিয়ে’ খেলার সময় একটি গান গাইত, ‘সি সি পিদাসি/ মাটির কলসি/ ভাঙ্গিলে না লাগে জোড়া, ও অখমি/ ভাঙ্গিলে না লাগে জোড়া।’
ঠিকই তো। ভঙ্গুর জিনিস একবার ভেঙে গেলে আর সেভাবে মেরামত করা যায় না।
বাংলাদেশের অর্থনীতিও কি ‘ভঙ্গুর’ পর্যায়ে চলে গেছে? খোদ অর্থমন্ত্রীও বলছেন, তিনি নাকি একটি ভঙ্গুর অর্থনীতি হাতে পেয়েছেন। অর্থনীতি একটি কাচের গ্লাস নয় যে সেটি ভাঙলে পুরো ব্যবস্থাই অচল হয়ে গেল। শুধু রাজনৈতিক তাড়নায় পুরো অর্থনীতি নিয়ে এহেন প্রচার একদিকে তথ্যনিষ্ঠার পরিচয় দেয় না। অন্যদিকে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের কাছেও একটি ভালো বার্তা পৌঁছায় না। অধ্যাপক ইউনূস যখন দেশকে গাজার সঙ্গে তুলনা করেছিলেন, তখন তা বিনিয়োগে মঙ্গল বয়ে আনেনি।