ইংলিশ প্রিমিয়ার লীগের চলতি মৌসুম টটেনহ্যাম হটস্পারের জন্য দুঃস্বপ্নের। তবে অন্তিম মুহূর্তে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে উত্তর লন্ডনের ক্লাবটি। রোববার রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলের জয়ে অবনমন জোন থেকে উপরে উঠে এসেছে রবার্তো ডি জার্বির শিষ্যরা।
গত মার্চে যখন ডি জার্বি দায়িত্ব নেন, তখন টানা ১৫ ম্যাচ জয়হীন ছিল টটেনহ্যাম। দলের এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনে খেলোয়াড়দের মানসিক শক্তিকেই কৃতিত্ব দিচ্ছেন এই ইতালিয়ান কোচ। জয়ের পর তিনি বলেন, ‘আমার মনে হয় সমস্যাটা পুরোপুরি মানসিক ছিল। এই দুই জয়ের পর আমি আশা করছি, আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাস এবং উন্নত মানসিকতা নিয়ে খেলতে পারব। আমার কাজ ছিল তাদের সাহায্য করা এবং তাদের সক্ষমতা মনে করিয়ে দেয়া।’
ভিলা পার্কে প্রথমার্ধেই লিড নেয় স্পার্স। জানুয়ারিতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আসা কনর গ্যালাহারের দুর্দান্ত দূরপাল্লার শটে লিড নেয় তারা। পরে রিচার্লিসনের হেডে ব্যবধান বাড়ে। ম্যাচের শেষ মুহূর্তে এমিলিয়ানো বুয়েনদিয়া ভিলার হয়ে একটি গোল শোধ দিলেও সফরকারীদের জয় আটকাতে পারেনি। ২৫৩ দিন পর লীগ ম্যাচে টানা দ্বিতীয় জয় তুলে নেয় স্পার্স।
লিডস ইউনাইটেডের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে ডি জার্বি মনে করিয়ে দিয়েছেন যে, কাজ এখনও বাকি। চেলসি ও এভারটনের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে এই জয় স্পার্স সমর্থকদের মনে প্রিমিয়ার লীগে টিকে থাকার স্বপ্ন জাগিয়েছে। ১৯৭৭-৭৮ মৌসুমের পর প্রথমবারের মতো দ্বিতীয় স্তরে অবনমিত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা থেকে মুক্তির পথে বড় এক ধাপ পার করলো স্পার্স।