ওয়াশিংটন, ১৫ জুলাই – যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় না পৌঁছালে ইরানের জন্য অত্যন্ত ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন যে কোনো চুক্তি না হলে দেশটিতে কার্যত কেউই অবশিষ্ট থাকবে না।
মঙ্গলবার ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরানকে অবশ্যই একটি চুক্তিতে আসতে হবে। তা না হলে দেশটিতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
তবে একই সঙ্গে ট্রাম্প দাবি করেন যে যুক্তরাষ্ট্র বেসামরিক জনগণের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এরপরেও তিনি ইরানকে একই বার্তার পুনরাবৃত্তি করে বলেন আমি তাদের বলেছি চুক্তি করতে অন্যথায় তাদের কিছুই অবশিষ্ট থাকবে না।
ট্রাম্প আরও জানান যে তার এই বার্তাটি প্রতিনিধিদের মাধ্যমে ইতোমধ্যে তেহরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সাক্ষাৎকারের প্রায় এক ঘণ্টা আগে ইরানের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ইরান শেষ পর্যন্ত চুক্তিতে রাজি হবে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যে তাদের এটি করা উচিত। তবে শেষ পর্যন্ত তারা কী সিদ্ধান্ত নেবে সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।
এস এম/ ১৫ জুলাই ২০২৬