পান্তার উপকারিতা নিয়ে অনেক গবেষণা হচ্ছে পৃথিবীজুড়ে। সব বৈজ্ঞানিক গবেষণা।
অক্সফোর্ডের একটি একাডেমিক জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ফারমেন্টেশন প্রক্রিয়া খাবারের ভেতরে থাকা অনেক উপকারী জৈব উপাদানকে আরও সক্রিয় করে তোলে। অর্থাৎ সাধারণ খাবার ফারমেন্টেড হলে তা আরও বেশি স্বাস্থ্যকর হয়ে উঠতে পারে।

গবেষণায় দেখা গেছে, ফারমেন্টেড খাবার আমাদের শরীরের পুষ্টি বাড়াতে সাহায্য করে, বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে পারে এবং সামগ্রিকভাবে সুস্থ থাকতে ভূমিকা রাখে। শুধু খাবার হিসেবেই নয়, এসব উপাদান ভবিষ্যতে প্রসাধনী বা অন্যান্য শিল্পেও ব্যবহার হতে পারে।

ফারমেন্টেশনের সময় যে অণুজীবগুলো কাজ করে, তারা খুবই গুরুত্বপূর্ণ। তারা খাবারের ভেতরে নানা ধরনের উপকারী উপাদান তৈরি করে, যাকে বলা হয় মেটাবলাইট। একই সঙ্গে তারা খাবারের ক্ষতিকর বা অপ্রয়োজনীয় উপাদানও ভেঙে দেয়।

বিশেষ করে ভাতজাত ফারমেন্টেড খাবার, যেমন আমাদের পান্তাভাত নিয়ে গবেষণায় দেখা গেছে, এতে এমন কিছু জৈব বৈশিষ্ট্য থাকতে পারে, যা ত্বকের জন্যও উপকারী হতে পারে।

আরেক গবেষণায় বলা হচ্ছে, পান্তা রক্তে শর্করা কমায়। কমায় মানে ভাতের চেয়ে কম বাড়ায়। প্রথম আলোয় পার্থ শঙ্কর সাহা পান্তা নিয়ে লিখেছেন, ‘সাধারণ খেটে খাওয়া মানুষের বড় অংশের প্রাত্যহিক খাবার পান্তা। গরিবের এ খাবারের নতুন গুণের সন্ধান পাওয়া গেছে। আর তা খুঁজে পেয়েছেন যুক্তরাজ্যের একদল গবেষক।

‘শরীরের জন্য উপকারী নানা উপাদান খুঁজে পাওয়া গেছে পান্তা নিয়ে নতুন এ গবেষণায়। দেখা গেছে, পান্তাভাতে অনেক উপকারী অণুজীব আছে। আবার এখানে নতুন কিছু অণুপুষ্টি উপাদানও পাওয়া গেছে। গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পান্তা খেলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে কম হারে বাড়ে।

‘যুক্তরাজ্যভিত্তিক বিজ্ঞান সাময়িকী “ফুড অ্যান্ড হিউম্যানিটি”–তে পান্তাভাত নিয়ে নতুন এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে গত বছরের ডিসেম্বরে। গবেষণা দলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির স্কুল অব ফার্মাসি অ্যান্ড বায়োমলিকুলার সায়েন্সেসের অধ্যাপক মোশাররফ হোসেন সরকার। গবেষণায় যুক্ত ছিলেন যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষক ও শিক্ষার্থী।’ (১৪ এপ্রিল ২০২৫)



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews