ঘুষ গ্রহণের অভিযোগে আলোচিত মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমান শেষ পর্যন্ত চাকরিতে টিকে থাকতে পারেননি। স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই সিদ্ধান্ত দেন। একই সঙ্গে সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককেও প্রত্যাহার করা হয়েছে।
জানা যায়, গত ১১ মার্চ জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনে মিজানুর রহমানের ঘুষ গ্রহণের ভিডিওচিত্র প্রকাশিত হয়। পরবর্তীতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমেও এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর মিজানুর রহমান সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ ঘটনায় জেলায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে তিনি স্থানীয় রাজনৈতিক নেতাদের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তা সফল হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঘুষ গ্রহণ, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি এবং নানা অনিয়মের অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস