ভারতে নিট প্রশ্নফাঁসের পর দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইতোমধ্যেই পদত্যাগ করেছেন। এবার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দীপকে অভিযোগ করেন, ২০ জুলাই ‘সংসদ চলো’ মিছিলে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ। আর এই ঘটনার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।
দেশের সাধারণ মানুষকে গণতন্ত্র রক্ষার কাজে এগিয়ে আসতে বলেন দীপকে। তার দাবি, গণতন্ত্র রক্ষা এখন আর শুধু বিরোধীদের দায়িত্ব নয়। দেশের মানুষকেও একজোট হয়ে এগিয়ে আসতে হবে।
এই সময় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অমিত শাহের পদত্যাগের দাবিকেও সমর্থন করেন দীপকে।
তিনি বলেন, ‘অমিত শাহের অবশ্যই পদত্যাগ করা উচিত। কেউ কেউ বলছেন, ককরোচ জনতা পার্টি বিদেশ থেকে অর্থ পাচ্ছে বা আন্দোলন বিদেশ থেকে পরিচালিত হচ্ছে। যদি সেটাই সত্যি হয়, তাহলে সেটা অমিত শাহের ব্যর্থতা। সিজেপি যদি বিদেশ থেকে পরিচালিত হয়, তাহলে উনি কিসের চাণক্য? ২০ জুলাই ছাত্রদের ওপর বলপ্রয়োগের নির্দেশ অমিত শাহই দিয়েছিলেন, অন্য কেউ নয়।’
দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এক মাসেরও বেশি সময় আন্দোলন করে সিজেপি। সেই আন্দোলন ইতোমধ্যেই তারা সাফল্য পেয়েছে।
সূত্র: আজতাক