আয়াতুল্লাহ আলী খামেনি যে 'আর নেই' তার 'লক্ষণ বাড়ছে', দাবি নেতানিয়াহুর

ছবির উৎস, Getty Images

২ ঘন্টা আগে

পড়ার সময়: ৩ মিনিট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে আর "নেই", তার "লক্ষণ ক্রমশ বাড়ছে" বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তার এই বক্তব্যের পর, অসমর্থিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মি. খামেনি নিহত হয়েছেন।

একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন যে, তেহরানে নিজ কম্পাউন্ডে চালানো হামলায় মি. খামেনি নিহত হয়েছেন।

এছাড়া নিউজ টুয়েলভ এবং টাইমস অব ইসরায়েলসহ একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যমও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সর্বোচ্চ নেতার মৃত্যুর দাবি করেছে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবিসি নিউজকে বলেছিলেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুজনেই "সুস্থ ও নিরাপদে" আছেন।

আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা-র এক প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির কার্যালয়ের জনসংযোগ প্রধান সৈয়দ মেহরদাদ সৈয়দ মাহদি বলেছেন, "শত্রুরা মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিয়েছে। আমাদের সবার এ বিষয়ে সতর্ক হওয়া উচিত।"

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প এবিসি নিউজকে বলেছেন যে, মার্কিন হামলা "ইতোমধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে" এবং ইরানের শীর্ষ নেতৃত্বের "অনেকেই" আর নেই।

এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "আমরা সবার কথা জানি না, তবে অনেকেই আর নেই।" প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের পরবর্তী দফার নেতা কারা হবেন, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের "খুব ভালো ধারণা" রয়েছে।

এর আগে শনিবার সকালে তেহরানে ইসরায়েলি হামলার পর সেখানকার একটি স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করে বিবিসি ভেরিফাই।

যাতে দেখা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় বা লিডারশিপ হাউজের একটি অংশে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

হাই রেজুলেশনের এই ছবিটি ধারণ করেছে এয়ারবাস। এতে দেখা যায় ওই জায়গায় ভবনগুলো পোড়া অবস্থায় রয়েছে, ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতেও দেখা গেছে। ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।

ছবির অবস্থান সকালে তেহরানে ধারণ করা যাচাইকৃত ভিডিও ফুটেজের সঙ্গে মিল রয়েছে।

স্যাটেলাইট থেকে তোলা ছবিতে আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষতিগ্রস্ত কার্যালয়

ছবির উৎস, Airbus DS 2026

ছবির ক্যাপশান,

স্যাটেলাইট থেকে তোলা ছবিতে আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষতিগ্রস্ত কার্যালয়

আয়াতুল্লাহ খামেনি কে?

১৯৮৯ সাল থেকে সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি।

তিনি দেশটির রাষ্ট্রপ্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।

জাতীয় পুলিশ এবং নৈতিকতা পুলিশের (মোরালিটি পুলিশ) ওপরও তার কর্তৃত্ব রয়েছে।

খামেনি ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নিয়ন্ত্রণ করেন, যারা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এছাড়াও এর স্বেচ্ছাসেবী শাখা বাসিজ রেজিস্ট্যান্স ফোর্সও তার নিয়ন্ত্রণে রয়েছে— যা মূলত ইরানে যেকোনো ধরনের ভিন্নমত বা বিক্ষোভ দমনে ব্যবহার করা হয়।

তেহরানে হামলার পর কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান,

তেহরানে হামলার পর কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, জবাব দিচ্ছে ইরান

শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এর পাল্টা জবাব দিচ্ছে ইরানও।

মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও কমান্ডারকে হত্যা করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ২০০র বেশি নিহত ও অন্তত ৭০০ জন আহত হয়েছে।

ইরানে মেয়েদের একটি স্কুলে হামলায় কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছে, দেশটির সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।

এসব হামলার জবাবে, ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরানের ইস্ফাহানে সামরিক স্থাপনায় হামলার সর্তকতা জারি করেছে। সেখান থেকে সব বেসামরিক ব্যক্তিদের সরে যেতে বলা হয়েছে।

শনিবার সকালের পর সন্ধ্যায় ইরানে ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইসরায়েল দাবি করেছে, শনিবার ইরানের অন্তত ৫০০ স্থাপনায় তারা হামলা চালিয়েছে।

ইসরায়েলের দাবি তাদের বিমান বাহিনী ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে।

এদিকে এই হামলার জবাবে, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালি বন্ধের সর্তকতা জারি করেছে ইরান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews