যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে পরবর্তী আলোচনার জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাচ্ছেন।

ট্রাম্প ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা যখন দিয়েছেন, এর পর পরই তিনি দেশ দু’টির নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণের কথা জানালেন।

তিনি এ-ও জানান, ১০ দিনের ওই যুদ্ধবিরতি শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে।

তিনি ট্রুথ স্যোশালে লিখেছেন, দুই পক্ষই শান্তি দেখতে চায় এবং তা খুব শিগগিরই সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।

এর আগে, প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ‘আমি এইমাত্র লেবাননের অত্যন্ত শ্রদ্ধেয় প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে চমৎকার আলোচনা করেছি।’

‘এই দুই নেতা সম্মত হয়েছেন যে, তাদের দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে তারা আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করবেন।’

ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, ‘গত মঙ্গলবার, আমাদের প্রতিরক্ষামন্ত্রী মার্কো রুবিও’র উপস্থিতিতে ওয়াশিংটন ডি.সিতে এই দুই দেশ ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে বসেছিল। একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেক্রেটারি অব স্টেট রুবিও এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে একটি স্থায়ী শান্তির জন্য ইসরাইল ও লেবাননের সাথে কাজ করার নির্দেশ দিয়েছি।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বজুড়ে নয়টি যুদ্ধ সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল এবং এটি হবে আমার দশম। তাই চলুন, এটি সম্পন্ন করি।’

এদিকে, লেবাননের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছেন। বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews