ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। ফিফা বিশ্বকাপে জায়গা করে নেওয়া তারা এখন পর্যন্ত দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে এই অর্জন করেছে। দেশটির জনসংখ্যা সাড়ে পাঁচ লক্ষেরও কম হলেও বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স করে তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

এই ঐতিহাসিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন অবসর ভেঙে ফেরা অভিজ্ঞ ডিফেন্ডার ইয়ানিক তাবারেস, তিনি ফুটবল বিশ্বে ‘স্টপিরা’ নামেই বেশি পরিচিত।

কেপ ভার্দের রাজধানী প্রাইয়াতে জন্ম নেওয়া এই ডিফেন্ডার ইউরোপে খেলতে গিয়ে ফরাসি স্ট্রাইকার ইয়ানিক স্টোপিরার নাম থেকে ‘স্টপিরা’ ডাকনাম পান।

২০২৩ সালে হাঙ্গেরির ক্লাব ফেহেরভার এফসিতে দীর্ঘ সময় খেলার পর তিনি অবসর নেন। তবে এক বছর পর আবারও ফুটবলে ফিরে আসেন ৩৭ বছর বয়সী এই সেন্টার ব্যাক। যোগ দেন পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ক্লাব তোরেন্সে। তার লক্ষ্যই বিশ্বকাপে খেলা।

এই স্বপ্ন পূরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি ২০২৫ সালের অক্টোবর মাসে এসওয়াতিনির বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচ জিতে কেপ ভের্দে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে।

ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় কেপ ভার্দে। ডালিয়ন লিভ্রামেন্তো ও উইলি সেমেদোর গোলে এগিয়ে যায় দলটি। ৮৬ মিনিটে মাঠে নামেন স্টপিরা। এরপর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই গোল করে দলকে জয় এনে দেন তিনি। গোলের পর আবেগে জার্সি খুলে উদযাপন করেন এই ডিফেন্ডার।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৮ বছরে এর আগে মাত্র তিনটি গোল ছিল তার। কিন্তু চতুর্থ গোলটিই হয়ে ওঠে ইতিহাস গড়ার মুহূর্ত, যার মাধ্যমে কেপ ভার্দে বিশ্বকাপ নিশ্চিত করে।

তবে মূলপর্বে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে তাদের। গ্রুপ পর্বে কেপ ভার্দেকে খেলতে হবে স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষে। শক্তিশালী এই গ্রুপে তারা চমক দেখাতে পারে কি না, সে দিকেই এখন নজর ফুটবলবিশ্বের।

বিডি প্রতিদিন/এম.এস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews