জাপানি মাতসুশিমা সুমাইয়ার পর বাংলাদেশ জাতীয় নারী দলে দ্বিতীয় প্রবাসী ফুটবলার হিসাবে সুযোগ পেলেন সুইডেনের আনিকা রানিয়া সিদ্দিকী। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপের মূল পর্বের জন্য বাংলাদেশের ২৬ সদস্যের চুড়ান্ত দলে ডাক পেয়েছেন তিনি। আনিকা সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। গত মাসে সুইডিশ কাপ দিয়ে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক। ইউরোপের ফুটবলে খেলার অভিজ্ঞতা এবার বাংলাদেশের হয়ে কাজে লাগাতে চাইবেন ২০ বছর বয়সী আনিকা। তিনি ছাড়া এশিয়ান কাপের স্কোয়াডে আরও দুই নতুন মুখ আলপি আক্তার ও সৌরভী আফরিন। এ দুইজন প্রথমবার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। দলে ফিরেছেন আইরিন খাতুন ও সৌরভী আকন্দ প্রীতিও।
আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের খেলা। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। যেখানে লাল-সবুজদের প্রতিপক্ষ থাকছে ৯ বারের চ্যাম্পিয়ন চীন, ৩ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। ৩ মার্চ প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ৬ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে লাল-সবুজরা মুখোমুখি হবে র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল উত্তর কোরিয়ার। ৯ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফিদা খন্দকারদের প্রতিপক্ষ উজবেকিস্তান। ১২ দলের টুর্নামেন্টে তিন গ্রুপে থাকা চারটি করে দল লড়বে নকআউটের জন্য। তিন গ্রুপের সেরা দু’টি করে মোট ছয় দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের সেরা দুই দলও পাবে শেষ আটে খেলার সুযোগ। কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে খেলার।
এএফসি নারী এশিয়ান কাপ
নারী এশিয়ান কাপের বাংলাদেশ দল
গোলরক্ষক : রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী। ডিফেন্ডার : আফিদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরণ খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন। মিডফিল্ডার : স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, উমহেলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন। ফরোয়ার্ড : আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র। স্ট্যান্ডবাই : অর্পিতা বিশ্বাস, সিনহা জাহান, শান্তি মার্ডি ও তনিমা বিশ্বাস।