যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে যেকোনো ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের কাছ থেকে জব্দ করা অর্থসম্পদ থেকে এ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। ট্রাম্পের এমন ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।
জুলাইয়ের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। তেহরানও মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করছে।
গতকাল বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও দখলে থাকা ইরানের অর্থ থেকে হরমুজ প্রণালিতে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে।