জেরুজালেমের আল-আকসা মসজিদকে ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির বিতর্কিত মন্তব্য ও পদক্ষেপ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

রোববার আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে তিনি বলেন, এখানে এসে তিনি নিজেকে মালিকের মতো অনুভব করছেন। একই সঙ্গে ইহুদিদের জন্য আরও বেশি প্রবেশাধিকার ও নামাজের সুযোগ বাড়ানোর কথাও জানান তিনি। মসজিদ প্রাঙ্গণে ধারণ করা এক ভিডিওতে বেন গিভির বলেন, এখানে আরও অনেক কিছু করার আছে। আমি প্রধানমন্ত্রীকে আরও পদক্ষেপ নিতে চাপ দিচ্ছি।

এই মন্তব্য আসে এমন এক সময়, যখন দীর্ঘ ৪০ দিনেরও বেশি সময় বন্ধ থাকার পর সম্প্রতি আল-আকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। এই বন্ধের সময় রমজান, ঈদুল ফিতর ও জুমার নামাজেও ফিলিস্তিনিদের প্রবেশ করতে দেওয়া হয়নি, যা ছিল নজিরবিহীন।

পুনরায় খুলে দেওয়ার পর থেকেই ইসরায়েলি উগ্র জাতীয়তাবাদীদের প্রায় প্রতিদিনের মতো মসজিদ প্রাঙ্গণে প্রবেশের ঘটনা আবার শুরু হয়েছে এবং এসব অভিযানের সময়ও বাড়ানো হয়েছে।

আল-আকসা মসজিদ দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক ‘স্ট্যাটাস কো’ চুক্তির আওতায় পরিচালিত হয়ে আসছে, যেখানে এর ইসলামী চরিত্র স্বীকৃত এবং মুসলিম কর্তৃপক্ষই এর প্রবেশ, ইবাদত ও রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ করে। এই ব্যবস্থায় ইহুদিরা সেখানে প্রবেশ করতে পারলেও নামাজ আদায়ের অনুমতি নেই।

তবে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে এই চুক্তি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বিশেষ করে উগ্রপন্থীদের মসজিদে প্রবেশ ও নামাজের অনুমতি দেওয়ার মাধ্যমে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এভাবে নিয়মিত প্রবেশ ও তৎপরতা বাড়ানোর মাধ্যমে আল-আকসার বর্তমান নিয়ম পরিবর্তনের চেষ্টা হতে পারে—যেখানে ইহুদিদের জন্য আলাদা জায়গা বা সময় বরাদ্দ করা হতে পারে।

ইহুদিদের ধর্মীয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে আল-আকসায় নামাজ নিষিদ্ধ করে এলেও, সাম্প্রতিক সময়ে উগ্র জাতীয়তাবাদীদের প্রবেশ ও নামাজ আদায়ের ঘটনা বেড়েছে, যা বেন গিভির মতো মন্ত্রীদের সমর্থন পাচ্ছে।

এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান, যারা আল-আকসার তত্ত্বাবধায়ক। দেশটি বলেছে, বেন গিভিরের এই পদক্ষেপ স্ট্যাটাস কো চুক্তির লঙ্ঘন এবং এটি পবিত্রতার অবমাননা ও উসকানিমূলক আচরণ।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয়ও সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলের স্থিতিশীলতা আরও নষ্ট করতে পারে।

বেন গিভিরের মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রী ইহুদিদের জন্য আরও বেশি প্রবেশাধিকার ও নামাজের অনুমতি চান। তিনি দাবি করেন, বেন গিভির নিজেও ওই স্থানে নামাজ আদায় করেছেন।

সূত্র: মিডল ইস্ট আই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews