আজ ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছর বিশ্বব্যাপী এই দিনে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে। এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’।
এদিকে, সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস (এসএনএসআর) নার্স দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেছে।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) সভাপতি জাহানারা পারভীন।
যেভাবে এল দিনটি: ১৮২০ সালের ১২ মে আধুনিক নার্সিংয়ের রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন। ক্রিমিয়ার যুদ্ধের সময় তিনি আহত সৈন্যদের সেবা করে বিশ্বব্যাপী নার্সিং পেশার ভিত্তি স্থাপন করেন।
১৯৭৪ সালের জানুয়ারিতে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস (আইসিএন) আনুষ্ঠানিকভাবে ১২ মে তারিখটিকে ‘আন্তর্জাতিক নার্স দিবস’ হিসেবে ঘোষণা করে। পরে অবশ্য আইসিএন ১৯৬৫ সাল থেকেই নার্সদের সম্মানে এই দিনটি পালন করে আসছিল।
বাংলাদেশেও ১৯৭৪ সাল থেকে সরকারি ও বেসরকারিভাবে এই দিবসটি উদযাপিত হয়ে আসছে।
নার্সদের অক্লান্ত পরিশ্রম ও সেবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তাদের কাজের পরিবেশ ও অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে প্রতি বছর একটি বিশেষ প্রতিপাদ্য নিয়ে এই দিনটি পালন করা হয়।