সপ্তাহ দু-এক আগে চট্টগ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে একজন বিএনপি নেতার সঙ্গে দেখা হলো। উপজেলা পর্যায়ের একজন ত্যাগী নেতা। একসময় স্থানীয় নির্বাচনও করেছিলেন। এবারের নির্বাচনে জামায়াতের সম্ভাবনা কেমন জানতে চাইলাম।
আলোচনার এক পর্যায়ে হেসে মন্তব্য করে বসলেন, ‘এবার ১৯৯১ সালের মতো ঘটনা ঘটবে না তো? সবাই তখন বলছিল, আওয়ামী লীগ জিতে যাচ্ছে। আমরাও সেটিই মনে করেছিলাম। পরে দেখা গেল, বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় চলে আসল।’ যদিও নব্বইয়ের ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সাবেক এই ছাত্রদল নেতা বিএনপির জিতে আসা নিয়েই আত্মবিশ্বাসী।
বিএনপির ওই স্থানীয় নেতা মজা করে বিষয়টি বললেও জামায়াতের নির্বাচনী প্রচারণা যেভাবে আলোচনা তৈরি করেছে, তাতে অনেকের মধ্যেই এমন ভাবনা যে উঁকি দেয়নি, তা নয়। এ ছাড়া নির্বাচনের আগে প্রকাশ পাওয়া একের পর এক জরিপে জামায়াতের সাফল্যের বিষয়টিও প্রকাশ পেয়েছে।