ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে গুলির ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ গঠন করা হয়েছে। শনিবারের ওই ঘটনায় অভিযুক্ত কোল টোমাস অ্যালেন (৩১)–কে ফেডারেল আদালতে হাজির করা হয়। দোষী প্রমাণিত হলে তার আজীবন কারাদণ্ড হতে পারে।
আদালতে শুনানির সময় দুইজন সহকারী পাবলিক ডিফেন্ডারের প্রতিনিধিত্বে হাজির হলেও অ্যালেন কোনো জবানবন্দি দেননি। তার আইনজীবীদের একজন টেজিরা আবে জানান, অ্যালেনের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড নেই এবং আইন অনুযায়ী তিনি এখনো নির্দোষ বলে বিবেচিত।
ঘটনার সময় হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার ওয়াশিংটন হিলটনে অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অভিযোগ অনুযায়ী, অ্যালেন নিরাপত্তা এড়িয়ে ভেতরে ঢুকে গুলি ছোড়েন। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তাকে আটক করে এবং প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
তদন্তে আরও জানা গেছে, হামলার প্রায় ১০ মিনিট আগে অ্যালেন পরিবারের সদস্যদের কাছে একটি লিখিত বার্তা পাঠিয়েছিলেন, যেখানে হামলার কারণ ও লক্ষ্য উল্লেখ ছিল। তিনি নিজেকে সেখানে ‘ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন’ বলে উল্লেখ করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অ্যালেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পড়াশোনা করা একজন যান্ত্রিক প্রকৌশলী ও কম্পিউটার বিজ্ঞানী। এই ঘটনায় যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিডিপ্রতিদিন/কেকে