জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়াউর রহমানকে হত্যা করে তাঁর আদর্শকে মুছে ফেলা যায়নি। বরং জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী।

শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ৪৫ বছর আগে আজকের দিনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। হত্যাকারীরা ভেবেছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, বিএনপি আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। দেশের মানুষ দল-মত নির্বিশেষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠিয়েছে। বিএনপি দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি দেশ গঠনের কাজ অব্যাহত রেখেছে।

নাটোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীসহ দলের অন্যান্য নেতারা।

বিডি-প্রতিদিন/এমএল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews