রাশিয়াসংশ্লিষ্ট হ্যাকাররা সিগনাল ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে বিশ্বজুড়ে সাইবার হামলা চালাচ্ছে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও সাইবার নিরাপত্তা সংস্থা সিআইএসএ।

এক যৌথ সতর্কবার্তায় সংস্থা দুটি বলেছে, হ্যাকাররা উন্নতমানের ফিশিং কৌশলে হাজার হাজার গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছে, বিশেষ করে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সামরিক কর্মীদের লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। তবে এ নিয়ে সংস্থা দুটি বিস্তারিত তথ্য দেয়নি বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।

সতর্কবার্তায় বলা হয়েছে, এই সাইবার তৎপরতার মূল লক্ষ্য হচ্ছে উচ্চ সক্ষমতার গোয়েন্দা ব্যক্তিরা, যেমন বর্তমান ও সাবেক মার্কিন সরকারি কর্মকর্তা, সামরিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা।

এতে আরও উল্লেখ রয়েছে, এসব অ্যাপের মূল প্রোগ্রাম বা এনক্রিপশন পদ্ধতি নিয়ে কোনো সংশয় নেই, বরং হ্যাকাররা নিরাপত্তা কর্মকর্তার ছদ্মবেশ ধরে এবং ব্যবহারকারীদের ধোঁকা দিয়ে তাদের সিকিউরিটি কোড হাতিয়ে নিয়ে অ্যাপের নিরাপত্তা বলয় এড়িয়ে যেতে পেরেছে।

এই বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি সিগনাল কর্তৃপক্ষ ও ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস। যুক্তরাষ্ট্রের এ সতর্কতা এ মাসের শুরুর দিকে ডাচ (নেদারল্যান্ডস) গোয়েন্দা কর্মকর্তাদের দেওয়া এক সতর্কবার্তারই প্রতিধ্বনি।

ডাচ কর্মকর্তারা বলেছিলেন, রাশিয়াঘনিষ্ঠ হ্যাকাররা সরকারি কর্মকর্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সিগনাল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে বিশ্বজুড়ে এক সাইবার অভিযান শুরু করেছে।

ওই সতর্কবার্তার জবাবে সিগনাল বলেছিল, এসব হ্যাকিং উন্নতমানের ফিশিং অভিযানের মাধ্যমে চালানো হচ্ছে, যা ব্যবহারকারীদের ধোঁকা দিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার জন্য তৈরি হয়েছে। এ সাইবার তৎপরতার ফলে সিগনালের নিজস্ব এনক্রিপশন পদ্ধতি বা পরিকাঠামোয় কোনো ফাটল ধরেনি বা এর নিরাপত্তা লঙ্ঘিত হয়নি বলে দাবি করেছে সিগনাল।

তথ্য সূত্র - দ্যা হিল।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews