ব্যাট হাতে রূপকথার চিত্রনাট্য লিখেই চলেছেন বৈভাব সুরিয়াভানশি। আবারও বিধ্বসী ইনিংস উপহার দিলেন ১৫ বছরের কিশোর। ভাঙলেন এক আসরে ক্রিস গেইলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। সানরাইজার্স হায়দরাবাদকে অনায়াসে হারিয়ে আইপিএলের ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল তার দল রাজস্থান রয়্যালস।

আইপিএলের চলতি আসরে এলিমিনেটর ম্যাচে বুধবার সুরিয়াভানশিদের জয় ৪৭ রানে।

নিউচান্ডিগাড়ে শেষ ৫ ওভারে স্রেফ ৩৬ রান তোলার পরও ২০ ওভারে রাজস্থান করে ২৪৩ রান। চার বল বাকি থাকতে ১৯৬ রানে অলআউট হয় হায়দরাবাদ।

রেকর্ডময় ইনিংসে ম্যাচ সেরা সুরিয়াভানশি। ১২ ছক্কা ও পাঁচ চারে ২৯ বলে ৯৭ রানের ইনিংস খেলে সব আলো কেড়ে নেন বাঁহাতি ওপেনার।

আইপিএলের এক আসরে সর্বোচ্চ ছক্কা, প্লে-অফে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ব্যাটসম্যানদের মধ্যে এক আসরে সর্বোচ্চ রানসহ আরও বেশ কিছু রেকর্ড এ দিন নতুন করে লেখেন তিনি।

২৪২.৮৫ স্ট্রাইক রেটে ১৫ ইনিংসে ৬৮০ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের স্বীকৃতি অরেঞ্জ ক্যাপও এখন সুরিয়াভানশির মাথায়।

গেইলের দ্রুততম শতকের রেকর্ড (৩০ বলে) ভাঙার এক শট দূরে ছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত আউট হয়ে যান।

বল হাতে জোফ্রা আর্চার আবারও বিধ্বংসী হয়ে ওঠেন। পাওয়ারপ্লেতে তিন উইকেট তুলে হায়দরাবাদের শুরুর ঝড় থামিয়ে দেন। ইশান কিশান ও ট্রাভিস হেডের ১৫ বলে ৫১ রানের জুটি বিপজ্জনক হয়ে উঠছিল, কিন্তু আর্চার দুজনকেই ফিরিয়ে দেন।

চেষ্টা চালালেও হাইনরিখ ক্লাসেন ও নীতিশ কুমার রেড্ডির ছোট ছোট ইনিংস ছাড়া তারা আর ম্যাচে ফিরতে পারেনি।

কোয়ালিফায়ার-২-এ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রাজস্থান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews