শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন সরদার (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার পর তাঁর মরদেহ টুকরা করে স্ত্রী নদী ও ডোবায় ফেলেছেন বলে জানিয়েছে পুলিশ। স্ত্রী আসমা আক্তারকে গতকাল শুক্রবার রাতে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পায়।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, আসমা গত মঙ্গলবার তাঁর স্বামীকে হত্যার পর মরদেহ থেকে হাত–পা টুকরা করে মাংস আলাদা করে ফেলেন। এর কিছু অংশ তিনি পদ্মা নদীতে ফেলে দেন, কিছু অংশ একটি সড়কের পাশের ডোবায় ফেলেন। কিছু অংশ একটি ড্রামে ভরে আরেক বাসার ফ্রিজে রাখতে গেলে দুর্গন্ধে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সব কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ডোবা থেকে মাথাসহ হাড় উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে, আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।