বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও সংরক্ষিত নারী আসনের এমপি সেলিমা রহমান বলেছেন, দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। বিগত দিনের বৈষম্য ও অবহেলা পেছনে ফেলে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বৈষম্য দূর করে দেশের সব অঞ্চলে সমানভাবে উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে সরকার কাজ করছে। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
রোববার (৯ আগস্ট) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম সেলিমা রহমান এসব কথা বলেন।
সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা অলিউল্লাহ অলি স্থানীয় উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কাজে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বরগুনার জেলা প্রশাসক তাসলিমা আক্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় রাজনৈতিক নেতারা।
মতবিনিময় সভায় বরগুনার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।