সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ছিনতাই হওয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইক ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে কামারখন্দ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইজিবাইকসহ দুজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন উপজেলার ঝাঐল ইউনিয়নের বেলতলা দক্ষিণপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. রাসেল মণ্ডল (২২) এবং একই গ্রামের মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে রাসেল আলী (২৮)।
মঙ্গলবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলাম জানান, গত ৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কামারখন্দ থানার ভদ্রঘাট বাজার থেকে যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী বৃদ্ধ চালক রমজান আলীর ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া নেন। তারা দুই বস্তা বাঁধাকপি বাগবাড়ী (কুটিপাড়া) এলাকায় নেওয়ার কথা বলে ১৫০ টাকায় ভাড়া ঠিক করেন।
পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঝাঐল ওভারব্রিজ সংলগ্ন শ্মশানঘাট এলাকার নির্জন স্থানে পৌঁছালে ছিনতাইকারীরা ইজিবাইকটি থামাতে বলেন। এরপর তারা চালক রমজান আলীর গলায় গামছা পেঁচিয়ে ধরে মারধর করে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ইজিবাইক, নগদ ২ হাজার ২০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার এবং জড়িত দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিডি প্রতিদিন/হিমেল