ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উদার গণতন্ত্রের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমে দেশের ইতিহাসে পরিবর্তনের শুভসূচনা হয়েছে এবং বাংলাদেশ ‘নতুন যুগে’ প্রবেশ করছে। এ সময় তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আয়োজিত আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ২০২৪ সালে দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে প্রমাণ হয়েছে বিএনপির নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ। যারা পরিবর্তন চান, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন।
এমআর//