পাকিস্তান সুপার লীগের ফাইনাল খেলতে উড়ে গিয়েছিলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। পেশোয়ারের জালমির শিরোপা জয়ে রানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রোববার হায়দরাবাদ কিংসমেনকে ফাইনালে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে পেশোয়ার। ৪ ওভারে একটি মেইডেনসহ ২২ রান খরচায় ২ উইকেট নেন নাহিদ রানা। এরই মধ্যে দেশে ফিরেছেন এই পেসার, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, দলের প্রত্যাশা পূর্ণ করতে পেরেই সন্তষ্ট।
নাহিদ রানা বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। টিমের যে আশাটা ছিলো, সেটা পূরণ করতে পারছি। ভালো লাগছে।’ আগামী ৮ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। পাকিস্তানের কন্ডিশন ও খেলোয়াড়দের সম্পর্কে ধারণা পাওয়ার অভিজ্ঞতা টেস্ট ক্রিকেটে কাজে লাগাতে চান বাংলাদেশের এই পেসার। দীর্ঘদেহী এই পেসার বলেন, ‘আসলে টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেট টোটালি ডিফরেন্ট। সো আমি চেষ্টা করবো আমার প্রসেসের মধ্যে থেকে যে জিনিসটা এতদিন করে আসছি, ওই জিনিসটাই টেস্টে করতে।’ পাকিস্তানের আতিথেয়তা নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন তিনি। নাহিদের ভাষায়, ‘ভালো। ভালোই উপভোগ করেছি।’